বিশেষ প্রতিনিধি
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিত, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব।

বিশ্ববিদ্যালয়ের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার ও গবেষণা এবং সম্প্রসারণ দপ্তরের পরিচালক মো. রায়হান হোসেন জানান, এবারের কার্নিভালে দেশের বিভিন্ন প্রান্তের ১০০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে আসা এক হাজার ২০০-র বেশি প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী অংশ নেন।
কার্নিভালের প্রথম দিন শুক্রবার আইসিটি অলিম্পিয়াড ও প্রজেক্ট শোকেসিং এবং দ্বিতীয় দিন শনিবার ইন্টার-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি) ও এআই হ্যাকাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাঁদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার পরিচয় তুলে ধরেন। প্রতিযোগিতা শেষে নেটওয়ার্কিং সেশন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ডুয়েটের সিএসই বিভাগের উদ্যোগে ইনোভার্স বাংলাদেশের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কার্নিভাল ২০২৬-এর ডুয়েট চ্যাপ্টার হিসেবে এই কার্নিভাল আয়োজন করা হয়।