একযোগে ১০২ এসি-ল্যান্ড প্রত্যাহার

একযোগে ১০২ এসি-ল্যান্ড প্রত্যাহার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসি-ল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করা ৩৭তম বিসিএস ব্যাচের ১০২ জন কর্মকর্তাকে একযোগে প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে প্রত্যাহারের এ তথ্য জানানো হয়।

প্রত্যাহারকৃত কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন করে পদায়ন না হওয়া পর্যন্ত তারা বিভাগীয় দফতরে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এটি একটি নিয়মিত প্রক্রিয়া। মাঠ প্রশাসনে নতুন কর্মকর্তাদের পদায়ন এবং অভিজ্ঞতার ভিত্তিতে পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে বিভাগীয় কমিশনারের অধীনে দায়িত্ব পালন করবেন এবং নতুন কর্মস্থল নির্ধারিত হওয়ার পর সেখানে যোগদান করবেন।

উল্লেখ্য, এসি-ল্যান্ডরা জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খাস জমি, ভূমি উন্নয়ন কর আদায়সহ প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের পদায়ন ও পুনর্বিন্যাস সরকারি সেবার মান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।