বাংলাদেশকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি দিতে চায় চীন

বাংলাদেশকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি দিতে চায় চীন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশের কৃষি খাতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে চীন। দেশের কৃষি উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তরে একযোগে কাজ করার প্রস্তাব দিয়েছে বেইজিং।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)–এর সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে কৃষিপণ্য রপ্তানি, প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, ‌‌“বাংলাদেশের কৃষি খাতে চীনের দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। আমাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে, যা ভবিষ্যতে আরও গভীর হবে।”

এ সময় উপদেষ্টা চীন সরকারকে চলতি মৌসুমে বাংলাদেশ থেকে আম আমদানির জন্য ধন্যবাদ জানান এবং আগামীতে কাঁঠাল ও সুগন্ধি চালসহ আরও কৃষিপণ্য রপ্তানির অনুমতি দেওয়ার অনুরোধ করেন।

তিনি আরও জানান, কৃষির যান্ত্রিকীকরণ, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন, কৃষক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা কাম্য।

জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের কৃষি খাতে আরও নিবিড়ভাবে কাজ করতে চায়। তার দেশ শুধু ড্রোন প্রযুক্তি নয়, কৃষিতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, সার কারখানা নির্মাণসহ আরও নানা উদ্যোগে পাশে থাকতে প্রস্তুত।