গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী স্টেশন রোড এলাকায় একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে মাথাবিহীন এক ব্যক্তির ৮ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) সকালে স্টেশন রোড এলাকায় হাজীর বিরিয়ানির সামনে পড়ে থাকা ব্যাগ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, সকালে স্থানীয়রা দোকানের পাশে পড়ে থাকা ব্যাগটি লক্ষ্য করেন। দীর্ঘ সময় ধরে ব্যাগের পাশে কাউকে না দেখে সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে ভেতরে পলিথিনে মোড়ানো মাথাবিহীন লাশের ৮টি খণ্ডাংশ দেখতে পায়।
এখনও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে দুর্বৃত্তরা ব্যক্তিটিকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে ওই ব্যাগে ভরে সেখানে ফেলে যায়।
পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন এবং আইনগত প্রক্রিয়া চলছে।