গাজীপুর

রেস্টুরেন্টে প্রেমিকার হাতে পিস্তল তুলে দিল প্রেমিক, ভিডিও ভাইরাল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে একটি রেস্টুরেন্টে প্রেমিকার হাতে খোলা আগ্নেয়াস্ত্র (সম্ভাব্য পিস্তল) তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটে শ্রীপুরের এমসি বাজার এলাকার একটি রেস্টুরেন্টে।

ভিডিওটি বৃহস্পতিবার (৭ আগস্ট) ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রেস্টুরেন্টের টেবিলে বসে গল্প করার একপর্যায়ে প্রেমিক পকেট থেকে একটি পিস্তল বের করে প্রেমিকার হাতে দেন। তিনি পিস্তলটি নিয়ে একবার প্রেমিকের দিকে, এরপর পাশে থাকা একজনের দিকে তাক করেন—আর সবাই এতে হেসে ওঠেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে দেখা যাওয়া যুবকের নাম সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ (১৮)। তিনি তেলিহাটি ইউনিয়নের বাসিন্দা এবং পরিচিত একটি কিশোর গ্যাংয়ের সদস্য ও নেতৃত্বে রয়েছেন বলে দাবি স্থানীয়দের। আলিফের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, জমি দখল ও অপহরণের মতো একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আলিফের গ্যাং এলাকাজুড়ে নানা অপরাধে জড়িত। কিছুদিন আগে চাঁদাবাজি ও অপহরণের মামলায় আলিফকে পুলিশ গ্রেপ্তার করে, যা শ্রীপুর মডেল থানাও নিশ্চিত করেছে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক সংবাদ মাধ্যমকে বলেন, “ভিডিওটি পুরোনো। আলিফ বর্তমানে কারাগারে রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “ভিডিওতে যেটিকে আগ্নেয়াস্ত্র মনে হচ্ছে, সেটি আসল, নাকি খেলনা, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button