ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ

ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে কাপাসিয়ায় অভিভাবক সমাবেশ

বিশেষ প্রতিনিধি

কাপাসিয়া উপজেলার পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা এবং আগামী দিনে আরও ভালো ফল অর্জনের লক্ষ্য নিয়ে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় সভাকক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যাপক আসাদুজ্জামান আকাশ। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ তাজ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সোহেল রানা।

সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক মঞ্জুরুল হক, অধ্যাপক আলতাফ মাহমুদ, শিক্ষক প্রতিনিধি শওকত আলী এবং অভিভাবক প্রতিনিধি সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুস সাত্তার ও রিয়াজ উদ্দিনসহ আরও অনেকে। এতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ তাজ উদ্দিন বলেন, “শিল্পীর নিষ্ঠুর আঘাতে সুন্দর শিল্প গড়ে ওঠে। সেই শিল্পকে শিল্পীর আঘাত সহ্য করতে হয়। একইভাবে একজন শিক্ষার্থীকে ভালো ফলাফল করতে হলে শিক্ষকদেরও শিল্পীর মতো দায়িত্ব পালন করতে হয়।” শিক্ষকদের কঠোরতা নিয়ে কোনো অভিযোগ এলে অভিভাবকদের যেন শিক্ষার্থীদের নিরুৎসাহিত না করেন, সে অনুরোধ জানান তিনি।

বিশেষ অতিথি অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “এই গ্রামের সন্তান হিসেবে শিক্ষার্থীদের প্রতি আমারও দায়িত্ব রয়েছে।” তাঁর এলাকার যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করে তাঁর কলেজে ভর্তি হবে, তাদের উচ্চতর শ্রেণির বই বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন তিনি।

সাংবাদিক মঞ্জুরুল হক বলেন, লেখাপড়া করতে হবে নিজের ভবিষ্যতের জন্য। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ায় বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আসাদুজ্জামান আকাশ চলতি বছরের ভালো ফলাফলের জন্য প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সব শিক্ষক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী দিনে আরও ভালো ফলাফল করার উপায় খুঁজে বের করতেই এই অভিভাবক সমাবেশের আয়োজন। অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে এ বিষয়ে করণীয় ঠিক করা হবে বলে জানান তিনি।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষক-অভিভাবকের সমন্বয় এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।