রংপুরে নেসকো অভিমুখী ‘লং মার্চ’ ঘোষণা ডিপ্লোমা প্রকৌশলীদের

রংপুরে নেসকো অভিমুখী ‘লং মার্চ’ ঘোষণা ডিপ্লোমা প্রকৌশলীদের

বিশেষ প্রতিনিধি : রংপুরের নেসকোর প্রধান প্রকৌশলী ও এক সরকারি প্রকৌশলীর গ্রেপ্তারসহ সাত দফা দাবিতে নেসকো অভিমুখী ‘লং মার্চ টু নেসকো’ কর্মসূচি ঘোষণা করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা।

রোববার (৩১ আগস্ট) বিকেলে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি ইছহাক পিকু বলেন, বেশ কিছুদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীরা সাত দফা দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছেন। এর মধ্যে রংপুরে নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মণ্ডল ও সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন বহিরাগত সন্ত্রাসী নিয়ে নেসকো অফিসে মব সৃষ্টি করে বিদ্যুৎ সংযোগ ব্যাহত করার চেষ্টা করেন এবং ডিপ্লোমা প্রকৌশলীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন।

তিনি আরও জানান, এই ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবিতে গত ২৮ আগস্ট ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২ সেপ্টেম্বর ‘লং মার্চ টু নেসকো’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম শুভ ও রাসেল রেজা প্রমুখ।