গাজীপুর

কালীগঞ্জে বিএনপি নেতার বাড়িতে ‘ইয়াবা ব্যবসা’, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে বিএনপির এক নেতার বাড়িতে বসবাস করে দীর্ঘদিন ধরে নিশ্চিন্তে ‘ইয়াবা ব্যবসা’ চালিয়ে যাচ্ছিলেন মো. ওমর ফারুক (৩৫) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ী। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছেন তিনি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০৫ পিস ইয়াবা।

শনিবার (৩০ আগস্ট) দিবাগত গভীর রাতে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিএনপি নেতার মালিকানাধীন বাড়িতে থেকে ইয়াবা ব্যবসার তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তার ওমর ফারুক বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বহুদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের মালিকানাধীন দক্ষিণ খলাপাড়ার একটি বাড়িতে কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন ওমর ফারুক। সেখান থেকেই তিনি দীর্ঘদিন ধরে নিশ্চিন্তে ইয়াবা ব্যবসা পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপপরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লার নেতৃত্বে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। সে সময় ফারুককে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার কক্ষ তল্লাশি করে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জয়নাল আবেদীনের মালিকানাধীন দক্ষিণ খলাপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার ও ৩০৫ ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button