গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর গুলশানে অবস্থিত অভিজাত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।
রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের নাগরিক জ্যাকসন গত ২৭ আগস্ট ঢাকায় আসেন এবং মার্কিন দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে একটি কক্ষ ভাড়া নেন।
তবে টানা দুই দিন তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এ অবস্থায় তারা বিষয়টি মার্কিন দূতাবাস ও পুলিশকে জানায়। পরে দূতাবাসের একটি মেডিকেল টিম ও পুলিশের একটি দল হোটেলে গিয়ে কক্ষে প্রবেশ করে। সেখানে জ্যাকসনের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়।
ওসি হাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, “প্রাথমিকভাবে আমরা মনে করছি, তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। এ কারণে মার্কিন দূতাবাস আমাদের কাছে লিখিতভাবে আবেদন করে মরদেহটি নিয়ে যায়।”
পুলিশ সূত্রে জানা গেছে, জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রয়োজন হবে কি না, তা দূতাবাসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।