গাজীপুর জেলার বিশেষ দায়িত্বে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

জেলার গুরুতর অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন তিনি।

গাজীপুর জেলার বিশেষ দায়িত্বে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

গাজীপুর কণ্ঠ ডেস্ক

সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য গাজীপুর জেলার বিশেষ দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলার দায়িত্বও পালন করবেন।

বৃহস্পতিবার (২৭ অগাস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলার গুরুতর অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন তিনি। পাশাপাশি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নেও ভূমিকা রাখবেন এই প্রতিমন্ত্রী।

প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রিপরিষদ উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, বিগত ফ্যাসিস্ট আমলে দেশের বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে তা লুটপাট হয়েছে। এই লুট করা অর্থের একাংশ বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। বাকি অংশ দেশের ভেতরে মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে ব্যবহৃত হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই পরিস্থিতি বিবেচনায় সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জেলার বিশেষ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে তিনটি বিষয়ে—

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও গুরুতর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পরামর্শ দেবেন তিনি।

এ ছাড়া সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন তিনি।

প্রয়োজনে জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায়ও অংশ নিতে পারবেন দায়িত্বপ্রাপ্ত এই প্রতিমন্ত্রী।

উল্লেখ্য : ১৯৭৩ সালের ১৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া হাবিবুর রশিদের বাবার নাম আব্দুর রশিদ আহমেদ ও মায়ের নাম রহিমা আক্তার খাতুন। তিনি বিবাহিত এবং তিন ছেলের বাবা। ঢাকার সবুজবাগের পূর্ব মাদারটেক এলাকার বাসিন্দা এই নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রজীবনে, ঢাকা সিটি কলেজে পড়াকালীন ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে। 

তিনি ছাত্রদলের কেন্দ্রীয় (জুয়েল-হাবিব) কমিটির সাবেক সাধারণ সম্পাদক। এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। 

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও সামলেছেন। পরবর্তী সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেন তিনি।

রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত আছেন হাবিবুর রশিদ। তিনি দিলকুশা স্পোর্টিং ক্লাবের সভাপতি, অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল লিগ কমিটির সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাউন্সিলর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এ ঢাকা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাবিবুর রশিদ। এ বছরের ১৭ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি।