নেদারল্যান্ডসকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

নেদারল্যান্ডসকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : এক ম্যাচ হাতে থাকতেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ সোমবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৯ উইকেটে জিতে নিয়েছে লিটন দাসের দল। ১০৪ রানের লক্ষ্য ১৩.১ ওভারেই ছুঁয়েছে টাইগাররা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এদিনের জয়ে ২-০ তে এগিয়ে থাকল স্বাগতিকরা। বুধবারের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতা মাত্র।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দাপট দেখায় বাংলাদেশ। টস জিতে আগে বোলিং বেছে নিয়েছিলেন অধিনায়ক লিটন দাস। আগের ম্যাচের মতো ডাচরা এদিনও সুবিধা করতে পারেননি। ১৭.৩ ওভারেই ১০৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

ডাচদের পক্ষে ২৪ বলে সর্বোচ্চ ৩০ রান করেন নয় নম্বরে খেলতে নামা আরিয়ান দত্ত। দশম উইকেটে ২২ রানের জুটিতে নেদারল‍্যান্ডসের রান তিন অঙ্কে নিয়ে যান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে ভিক্রামজিৎ সিংয়ের ব্যাট থেকে।

বাংলাদেশের সফলতম বোলার নাসুম আহমেদ। ২১ রানে ৩ উইকেট নেন তিনি। দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুজন ৪০ রানের জুটি উপহার দেন। ষষ্ঠ ওভারে ইমন ব্যাক্তিগত ২৩ রানে কাটা পড়েন। তবে তানজিদকে থামামো যায়নি। দ্বিতীয় উইকেটে লিটনের সঙ্গে অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে দলের জয় নিশ্চিত করেন তিনি।

৪০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তানজিদ। লিটন ১৮ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ।