জনগণের পাশে থাকবে সেনাবাহিনী, সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে: সেনাপ্রধান
গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশের জনগণের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে- এমনই প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (০১ সেপ্টেম্বর) তিনি পৃথকভাবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সেনাপ্রধান বলেন, “দেশের মানুষের জানমাল রক্ষায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। প্রয়োজনে যেকোনো পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়া হবে। সেনাবাহিনী শুধু আইন-শৃঙ্খলা নয়, বরং জাতির অগ্রযাত্রায় অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নির্বাচনের আগে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টা বলেন, “ভোটার উপস্থিতি, বিশেষ করে নারী ও নতুন ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে গণতন্ত্র ও আইনের শাসনের অঙ্গীকার করেছি, তা বাস্তবায়নে সেনাবাহিনী একটি বড় শক্তি।”
এ এসময় নির্বাচনী সময়কালে বাহিনীগুলোর মধ্যে স্পষ্ট কমান্ড কাঠামো ও সমন্বয়ের ওপর তিনি আরও জোর দেন।
সাক্ষাতে সেনাপ্রধান সম্প্রতি তার চীন সফরের অভিজ্ঞতা, কূটনৈতিক আলোচনার দিক এবং সামরিক সহযোগিতার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। একইসঙ্গে বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনাও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করেন।
এ সময় তিনি বলেন, “সরকারের প্রতিটি উদ্যোগ সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থেকে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষা করা আমাদের অগ্রাধিকার।”



