কালীগঞ্জে শ্বশুরকে খুন, থানায় গিয়ে দায় স্বীকার মাদকাসক্ত জামাতার

মোজাম্মেল হক স্থানীয়ভাবে যুবদলের সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানিয়েছেন এলাকাবাসী।

কালীগঞ্জে শ্বশুরকে খুন, থানায় গিয়ে দায় স্বীকার মাদকাসক্ত জামাতার

নিজস্ব সংবাদদাতা

কালীগঞ্জে কুড়ালের কোপে মজিদ মোড়ল (৭০) নামের এক কলা ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই জামাতা মোজাম্মেল হকের বিরুদ্ধে। 

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জামালপুর বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরদিন শনিবার (২৯ আগস্ট) সকালে থানায় হাজির হয়ে ঘটনার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত মোজাম্মেল হক ওরফে মুজা সরকার (৩৫)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত মজিদ মোড়ল উপজেলার জামালপুর এলাকার বাসিন্দা এবং পেশায় কলা ব্যবসায়ী ছিলেন।

অভিযুক্ত মোজাম্মেল হক একই এলাকার মধ্যপাড়ার বাসিন্দা, স্থানীয়ভাবে যুবদলের সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানিয়েছেন এলাকাবাসী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে মজিদ মোড়লের মেয়ে শাহানারার (২৮) সঙ্গে মোজাম্মেলের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। অভিযোগ আছে, বিয়ের পর থেকে মোজাম্মেল স্ত্রীর ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন এবং শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। কলা বিক্রি করে সংসার চালানো মজিদ মোড়লের পক্ষে সব সময় সেই দাবি মেটানো সম্ভব হতো না, যার জেরে প্রায়ই শাহনারাকে মারধরের শিকার হতে হতো। প্রায় ১৫ দিন আগে মারধরের পর শাহানারাকে বাড়ি থেকে বের করে দেন মোজাম্মেল। এরপর থেকে শাহানারা বাবার বাড়িতে অবস্থান করছিলেন এবং স্বামীর সংসারে না ফেরার সিদ্ধান্ত জানিয়েছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে প্রতিদিনের মতো বাড়ি থেকে জামালপুর বাজারের উদ্দেশে রওনা হন মজিদ মোড়ল। বেলা সাড়ে চারটার দিকে বাজারের ভাঙ্গারি পট্টি গলিতে ইলিয়াসের দোকানের সামনে দিয়ে মাথায় কলার ছড়া নিয়ে যাওয়ার সময় পেছন থেকে পূর্বপরিকল্পিতভাবে ধারালো কুড়াল দিয়ে তার মাথায় কোপ দেন মোজাম্মেল। এতে গুরুতর জখম হন মজিদ মোড়ল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শুক্রবার রাতেই নিহতের ছেলে মোঃ লিটন মোড়ল (২৬) বাদী হয়ে মোজাম্মেল হককে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন {মামলা নং ২৪(৮)২}। 

মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে রাতভর অভিযান চালায় পুলিশ। 

শনিবার সকাল ১০টার দিকে মোজাম্মেল নিজেই থানায় হাজির হয়ে ঘটনার দায় স্বীকার করে আত্মসমর্পণ করে।

ওসি মোঃ জাকির হোসেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো জানতে…

কালীগঞ্জে মাদকাসক্ত জামাইয়ের কোপে প্রাণ গেল শ্বশুরের