বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরের গাছা এলাকায় ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিককে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জেরে স্বামীই তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গাছা থানার মালেকেরবাড়ী পশ্চিম পাশের শরীফপুর রোডে জিহাদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে এ ঘটনা ঘটে ।
নিহতের নাম মোসাঃ সোহেলা খাতুন (৪২)। তিনি শেরপুরের নকলা উপজেলার মমিলাকান্দা গ্রামের মিজান মিয়ার মেয়ে। পেশায় তিনি একটি পোশাক কারখানার কর্মী ছিলেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আমিনুল ইসলাম) বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেলার স্বামী মো. কালু শেখ (৪৫) পেশায় ভ্যানচালক। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ নিত্যদিনের ঘটনা ছিল তাঁদের মধ্যে। তিন-চার দিন আগে সোহেলা স্বামীকে তালাক দেন। এই তালাকের জের ধরে শুক্রবার বিকেলে রাস্তায় একা পেয়ে কালু শেখ সোহেলাকে লক্ষ্য করে ছুরি দিয়ে গলায় আঘাত করেন। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু সোহেলা খাতুন ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই আসামি কালু শেখ পালিয়ে যান। পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আমিনুল ইসলাম) বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।