আলোচিতজাতীয়

শনিবার দেশে ফিরছেন শহিদুল আলম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছানো আলোকচিত্রী, মানবাধিকারকর্মী শহিদুল আলম আগামীকাল শনিবার ভোরে ঢাকায় পৌঁছাবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শহিদুল আলমকে বহনকারী বিমানটি শনিবার সকাল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছেন। সেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, শহিদুল আলমের ইস্তাম্বুল থেকে ঢাকার ফেরার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছাড়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রায় অংশ নেন।

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার আটটি নৌযানও এ যাত্রায় অংশ নিয়েছিল। মোট ৯টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম।

গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি কর্তৃপক্ষ শহিদুল আলমকে আটক করার পরপরই বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির জন্য দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button