গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে জ্বালানি বিক্রির সময় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ‘উত্তরা বিজয় ফিলিং স্টেশন’কে আবারও জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট-এ জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালীগঞ্জ বাইপাস সড়কের মুনসুরপুর এলাকায় অবস্থিত উত্তরা বিজয় ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রির সময় পরিমাপে কম দেওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮–এর ৩৯ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালে একই অভিযোগে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ফিলিং স্টেশনটি সিলগালা করে দেন।
কিছুদিন বন্ধ থাকার পর প্রতিষ্ঠানটি পুনরায় কার্যক্রম শুরু করে। এরপর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর একই অপরাধে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
কালীগঞ্জে পরিমাপে তেল কম দেয়া ফিলিং স্টেশন ও নিম্নমানের প্রসাধনী বিক্রি করা সুপারশপে জরিমানা