‘গণভোট’ চাওয়া পূবাইল থানার ওসি শেখ আমিরুল প্রত্যাহার

‘গণভোট’ চাওয়া পূবাইল থানার ওসি শেখ আমিরুল প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ আমিরুল ইসলাম লিখেন, ‘আগে গণভোট দরকার যে স্বাধীনতা বিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা?’ এমন মন্তব্যের জেরে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগের পর ওসি মো. শেখ আমিরুল ইসলামকে পূবাইল থানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

​অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রশাসনিক কারণে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ আমিরুল ইসলামকে জিএমপির পুলিশ লাইনে সংযুক্ত (লাইনওআর) করা হয়েছে।

​জানা গেছে, ফেসবুকে মন্তব্যের জেরে গত ২০ অক্টোবর পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর মজলিসের শুরার সদস্য অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন ও পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির আইনজীবী মোহাম্মদ শামীম হোসেন মৃধা জিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ওসি শেখ আমিরুল ইসলাম পূবাইল থানায় যোগদানের পর থেকেই একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নেওয়া এবং জামায়াত ইসলামী ও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। এছাড়াও তিনি ওই রাজনৈতিক দলের নেতাদের পুলিশ প্রটোকল দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে লিখেন, ‘জামায়াতের লোকেরা স্বাধীনতা বিরোধী এবং তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে কিনা। সেজন্য গণভোটও হওয়া দরকার’। একজন সরকারি কর্মকর্তা হয়েও ওসি শেখ আমিরুল ইসলাম রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করছেন, যা প্রশাসনিক নিরপেক্ষতা নষ্ট করেছে। এ অবস্থায় শুধু বদলি নয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।