কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলো, নাগরী ইউনিয়নের মিরারটেক বরাইতলা এলাকার নজরুল ইসলামের ছেলে রায়হান ইসলাম শান্ত (২০), গলান দক্ষিণপাড়া এলাকার মৃত সোলায়মান মিয়ার ছেলে ইফরান মিয়া (২১) এবং ঢাকার উত্তরখান থানার চামুরখান আমতলা এলাকার ওহাব আলী মোল্লার ছেলে রতন মোল্লা (৪৫)।

পুলিশ জানিয়েছে, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করা হয়। প্রথম দফায় রায়হান ও ইফরানকে ১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে পৃথক অভিযানে রতনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেপ্তার তিনজনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।