আলোচিতগাজীপুরজাতীয়

জামিনে মুক্ত আ.লীগ নেতা-কর্মীরা অপকর্ম করলে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো ধরনের অপকর্মে জড়ায়, তবে সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় আনা হবে।

বুধবার  (০৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জামিন দেওয়া আমাদের হাতে নেই, আদালত স্বাধীন প্রতিষ্ঠান—তারা জামিন দিয়েছেন। কিন্তু কেউ জামিনের সুযোগ নিয়ে যদি অপকর্মে জড়িয়ে পড়ে, তাহলে তাকে আমরা আইনের আওতায় আনব।”

তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভোট ‘ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর’ পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই। নির্বাচন ভালোভাবেই সম্পন্ন হবে।”

গাজীপুরে পুলিশের জনবল ঘাটতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এখানে পুলিশের সংখ্যা তুলনামূলকভাবে কম। ইতিমধ্যে কিছু অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। নির্বাচন সামনে রেখে আরও সদস্য যোগ করা হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ থেকে মাঝে মাঝে নানা গুজব ছড়ানো হয়। আপনারা সত্য খবর প্রকাশ করায় গুজব অনেকটাই কমেছে। ভবিষ্যতেও সত্য তথ্য প্রকাশের মাধ্যমে এসব মিথ্যা প্রচারণা প্রতিহত করবেন বলে আমরা আশা করি।”

সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান, গাজীপুরের জেলা প্রশাসক ড. নাফিসা আরেফিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান এবং জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button