কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন গ্রেপ্তার

কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন স্বপনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত গ্রেপ্তার তালিকায় ২৩ নম্বরে রয়েছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন স্বপনের নাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দিবাগত মধ্যরাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৯ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আমজাদ হোসেন স্বপন কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে। তিনি রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই বাড়িতেই বসবাস করতেন।

২০২৪ সালের ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনে ৪৩ হাজার ৪৭ ভোট পেয়ে তিনি কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

তবে পরবর্তীতে ১৯ আগস্ট দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণের সিদ্ধান্ত দেয় স্থানীয় সরকার বিভাগ। সেই সিদ্ধান্তের আওতায় আমজাদ হোসেন স্বপনও পদচ্যুত হন।