গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের মেঘডুবী এলাকায় মোবাইল ফোন টাওয়ারের এক নিরাপত্তা প্রহরীর হাত–পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) সকালে মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলতাব হোসেন (৬৫) মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলালিংকের একটি টাওয়ারে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছিলেন।
পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানা যায়, সকালে টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলতাব হোসেনের কোনো সাড়া না পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে আলতাব হোসেনের ছেলে সবুজ টাওয়ারে গিয়ে বাবার হাত–পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালিদ হাসান সংবাদ মাধ্যমকে বলেন, মরদেহটির মুখে স্কচটেপ লাগানো এবং হাত–পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।