কালীগঞ্জে অতিরিক্ত সার মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

দেশজুড়ে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে সরকার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে।

কালীগঞ্জে অতিরিক্ত সার মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর কন্ঠ ডেস্ক

কালীগঞ্জে ঘোষিত পরিমাণের চেয়ে বেশি সার মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দালান বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল–আমিন হালদার।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দেশজুড়ে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে সরকার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় সার বিক্রয়কেন্দ্রে তদারকি চলছে। বুধবার দুপুরে দালান বাজারের প্রকাশ ট্রেডার্স ও মেসার্স এস এস করপোরেশনের বিক্রয়কেন্দ্র-গুদামে অভিযান চালিয়ে প্রশাসন দেখতে পায়, বাস্তবে মজুদ থাকা সারের পরিমাণের সঙ্গে স্টক রেজিস্ট্রারে ঘোষিত পরিমাণের মধ্যে বড় ধরনের গরমিল রয়েছে। প্রতিষ্ঠান দুটিতে ঘোষণার চেয়ে অতিরিক্ত সার মজুদের প্রমাণ মেলে।

এ অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল–আমিন হালদার।

জরিমানার টাকা পরিশোধ করেছেন প্রকাশ ট্রেডার্সের মালিক নির্মল দাস (৬০) এবং মেসার্স এস এস করপোরেশনের মালিক শরীফ ভূঁইয়া (৩৪)।