নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে ‘মদ্যপ‘ বন্ধুর ছুরিকাঘাতে সুমন কস্তা (৪৫) নামের এক বাবুর্চি খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন কস্তা রাঙ্গামাটি এলাকার মৃত সুকণ্ঠ কস্তার ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত তার বন্ধু নন্দন ডি কস্তা (৪৬)। তিনি একই এলাকার গিলবার্ট ডি কস্তার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সুমন কস্তা তার বন্ধু নন্দন ডি কস্তার বাড়িতে যান। সেখানে দুজন একসঙ্গে মদ্যপান করেন। সে সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নন্দন ডি কস্তা সুমন কস্তাকে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার পর অভিযুক্ত নন্দন নিহতের লাশ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়। পরে বিকেল আনুমানিক ৩টার দিকে স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশের ভাষ্য, নিহতের বুকে, গলায় ও মুখে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত নন্দন ডি কস্তার বিরুদ্ধে আগেও ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ ছিল।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”