নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে অনুমোদন ছাড়া কৃষিজমিতে বালু ভরাটের অভিযোগে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নলছাটা (বিরুয়া) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কোনো অনুমোদন ছাড়াই ‘সুন ফেং মেশিনারি ইন্ডাস্ট্রি’ নামের একটি প্রতিষ্ঠান কৃষিজমিতে বালু ভরাট করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয় এবং বালু ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়। সে সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায়’ প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিনিধি কামাল উদ্দিন তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।