গাজীপুরে অপ-সাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের কর্মশালা

গাজীপুরে অপ-সাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের কর্মশালা

বিশেষ প্রতিনিধি : গণমাধ্যমে অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে গাজীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

বুধবার (০৭ জানুয়ারি) গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গাজীপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন সভাপতিত্ব করেন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।

এতে বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম, গাজীপুর জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন, সহকারী তথ্য অফিসার মঈনুল হক, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর আহ্বায়ক মো. এমরান খান, সাংবাদিক দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, নাসির আহমেদ, ইকবাল আহমেদ সরকার, নজরুল ইসলাম আজহার, ফারদিন ফেরদৌস ও ইফতেখার রায়হান।

কর্মশালায় জানানো হয়, শিগগিরই দেশের সাংবাদিকদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ প্রকাশ করা হবে। এতে প্রতিটি জেলার সাংবাদিকদের তালিকা অন্তর্ভুক্ত থাকবে, যা অপ-সাংবাদিকতা রোধে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও প্রেস কাউন্সিল যৌথভাবে নানা প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।