কালীগঞ্জে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতাকে জরিমানা

কালীগঞ্জে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতাকে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে বিএনপি মনোনীত প্রার্থীর প্রতিনিধি এক নেতাকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) রাতে উপজেলা প্রশাসনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঙ্গাল হাওলা গ্রামে অবস্থিত ‘আশার আলো বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর স্থানীয় কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে উপস্থিত হয়ে ঘরোয়া নির্বাচনী সভা করেন। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা-এর নেতৃত্বে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ২৭(ক) বিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহাম্মদ।

‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ২৭(ক) বিধি অনুযায়ী, নির্বাচনী সময়ে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী এমন কোনো কার্যক্রমে জড়াতে পারবেন না, যা সুষ্ঠু, নিরপেক্ষ ও সমান প্রতিযোগিতামূলক নির্বাচনকে ব্যাহত করতে পারে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো জানতে…..

কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, মোবাইল কোর্টে জরিমানা