কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার

কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার

বিশেষ প্রতিনিধি : কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, গোলাবারুদ এবং ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজার এলাকার গোলারটেক থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

পুলিশ ও সেনা সূত্রে জানা গেছে, কাপাসিয়া আর্মি ক্যাম্পের (৪৬ ডিভিশন লোকেটিং আর্টিলারি) মেজর মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে একটি টহল দল এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও বিস্ফোরক গুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, চারটি ককটেল বোমা, তিনটি পেট্রোল বোমা এবং একটি চাকু। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম সংবাদ মাধ্যমকে বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক আড়াল তদন্ত কেন্দ্রে জমা দেওয়া হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।