বিশেষ প্রতিনিধি : সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল কাপাসিয়ায়।
বুধবার দুপুরে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবীকে দেখা গেছে প্রথাগত গাড়ি ছেড়ে সাইকেলে চড়ে গ্রামের মেঠোপথ ধরে সাধারণ মানুষের খোঁজ নিতে।
সংসদ সদস্যের এমন সাদাসিধে চলাফেরা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কুশল বিনিময়ের দৃশ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এমপি সালাহউদ্দিন আইউবী নিজেই সাইকেল চালিয়ে কাপাসিয়া সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরছেন। রাস্তার পাশে থাকা সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন এবং তাদের শরীরের খোঁজ নিচ্ছেন।
ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমি সালাহউদ্দিন এমপি। আপনারা কেমন আছেন? আমি দাঁড়িপাল্লার সালাহউদ্দিন।”
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন এই প্রসঙ্গে বলেন, “সাধারণত কেউ নির্বাচিত হলে আর দেখা পাওয়া যায় না। অথচ এই এমপি নিজে আমাদের বাড়ির সামনে এসে খোঁজ নিয়ে গেলেন।”

হঠাৎ কেন সাইকেল? এই প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আইউবী একটি আবেগঘন ঘটনার কথা জানান। তিনি বলেন, “প্রায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ সাইকেল চালিয়ে এসে আমার কাছে পৌঁছাতে গিয়ে হাঁপাচ্ছিলেন। তিনি আমার সাথে যেতে চাইছিলেন। তখন আমি তাকে আমার গাড়িতে বসিয়ে দিয়ে নিজেই তার সাইকেলটি চালিয়ে রওনা দেই। এভাবেই দীর্ঘদিন পর দুই চাকার এই বাহনটি চালানো হলো। মানুষের এই নিঃস্বার্থ ভালোবাসাই আমার পথচলার শক্তি।”
জনসংযোগের পাশাপাশি এদিন সকালে উপজেলার ৪শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
তুরস্কভিত্তিক আন্তর্জাতিক মানবিক সংস্থা Hasene International-এর সহায়তায় এই ‘হাসেনি রমজান খাদ্য প্যাকেজ ২০২৬’ এ কর্মসূচি পরিচালিত হয়।
এতে চাল, ডাল, তেলসহ ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য (মোট ওজন ২৬ কেজি) ছিলো প্রতি প্যাকেটে।
ঈদের আগে মোট ১,৫০০ এবং পর্যায়ক্রমে ৫,০০০ পরিবারকে এই সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উপকারভোগী আয়েশা বেগম জানান, রমজানের এই সময়ে ২৬ কেজির এই খাদ্য প্যাকেজ তাদের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে।
সংসদ সদস্য জানান, সাধারণ মানুষ যাতে অন্তত কয়েক সপ্তাহ খাদ্য সংকটে না ভোগে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।