গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল কিনতে গিয়ে পিটুনিতে নীরব হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
অভিযোগ উঠেছে, ফিলিং স্টেশনের কর্মচারীদের মারধরে তার মৃত্যু হয়েছে।
শনিবার (০৭ মার্চ) রাত ৮টার দিকে ওই যুবকের মৃত্যু হয়।
নীরব হোসেন কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার আলিনুর বিশ্বাসের ছেলে। নিরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা করতেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আলম সংবাদ মাধ্যমকে বলেন, নিহত নীরব মোটরসাইকেলের তেল কিনতে ওই পাম্পে আসেন। এসময় পাম্পের কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তিনি অন্য পাম্পে যান। ফেরার সময় ফের তাজ পাম্পে যান। এ সময় তাদের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে কর্মচারীদের লাঠির আঘাতে আহত হন।
পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।