গাজীপুরের নতুন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া

গাজীপুরের নতুন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া

নিজস্ব সংবাদদাতা : গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ নূরুল করিম ভূঁইয়া।

রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

জানা গেছে, বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা মোঃ নূরুল করিম ভূঁইয়া ( ১৫৮৫৬) বর্তমানে উপসচিব পদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কর্মরত।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রশাসনে আসার আগে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় যুক্ত ছিলেন। একই সময়ে ২০০৩ সালের ২৩ জুলাই থেকে ২০০৪ সালের ৪ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, বিএনপির রাজনৈতিক মতাদর্শের কর্মকর্তা হিসেবে পরিচিত থাকায় আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন তিনি পদবঞ্চিত ছিলেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকতে বাধ্য হন।

পরবর্তীতে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে যায় চিত্র। ওই বছরের ১৩ আগস্ট তিনি সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান। এই পদোন্নতি ভূতাপেক্ষভাবে ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে কার্যকর করা হয়।

পদোন্নতির পর তাঁকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং পরে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে পদায়ন করা হয়। একই বছরের ১৬ নভেম্বর তিনি বিসিএস ২৫তম ব্যাচ অল ক্যাডার ফোরামের সভাপতি নির্বাচিত হন।

২০২৫ সালের ১২ নভেম্বর জেলা প্রশাসক পদে পদায়নের লক্ষ্যে ফিটলিস্ট প্রণয়নে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়। সে সময় তিনি উপসচিব হিসেবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত ছিলেন।

এর আগে ২০১৪ সালের ৩ মার্চ থেকে ২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত ঢাকার দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

উল্লেখ্য: গত ১ মার্চ গাজীপুরের জেলার প্রশাসক (ডিসি) মোহাম্মদ আলম হোসেনকে প্রত্যাহার করা হয়।