গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের জবাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠিয়েছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের আলোচনার উদ্যোগকে ‘তৃতীয় প্রতারণা’ আখ্যা দিয়েছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের কাছে এক সূত্র জানিয়েছে, বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে ইরান। এখন ওয়াশিংটনের পরবর্তী প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তেহরান।
ইরানের চার শর্ত
জবাবে ইরান চারটি মূল শর্ত জানিয়েছে। প্রথমত, শত্রুপক্ষের হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
দ্বিতীয়ত, যুদ্ধ আর না ফেরার বিষয়ে সুনির্দিষ্ট ও কার্যকর নিশ্চয়তা দিতে হবে।
তৃতীয়ত, যুদ্ধে ক্ষয়ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ ও নিশ্চিত করতে হবে।
চতুর্থত, আঞ্চলিক সব প্রতিরোধ গোষ্ঠীর জন্য একযোগে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে হবে।
এর পাশাপাশি হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বকে স্বাভাবিক ও আইনসংগত অধিকার হিসেবে স্বীকার করে নিতে হবে বলেও জানিয়েছে তেহরান। সূত্রটি জানায়, এই শর্তগুলো ফেব্রুয়ারিতে জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনায় উত্থাপিত দাবির বাইরে এবং অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে।
আলোচনায় আস্থা নেই তেহরানের
সূত্রটি জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের আলোচনার দাবিকে ইরান ‘তৃতীয় প্রতারণা’ হিসেবে দেখছে। তেহরানের মতে, এই উদ্যোগের পেছনে ওয়াশিংটনের তিনটি লক্ষ্য রয়েছে — শান্তিকামী হওয়ার ভাব দেখিয়ে বিশ্বকে বিভ্রান্ত করা, বৈশ্বিক তেলের বাজারে দাম কম রাখা এবং দক্ষিণ ইরানে স্থল আক্রমণের প্রস্তুতি নিতে সময় কেনা।
সূত্রটি আরও বলেছে, ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের সময়ও আলোচনা চলাকালে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। এই অভিজ্ঞতার পর যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে ইরানের সন্দেহ এখন সম্পূর্ণ নিশ্চিত বিশ্বাসে পরিণত হয়েছে বলে সূত্রটি জানায়।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি