গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের ঈদ পুনর্মিলনী

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের ঈদ পুনর্মিলনী

বিশেষ প্রতিনিধি :  গাজীপুর মহানগরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ঈদ পুনর্মিলনী করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার সাংবাদিকদের শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল ইসলাম চৌহান, বেলায়েত হোসেন ও জাহিদ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুর প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্য মো. দেলোয়ার হোসেন, সদস্য শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি নাসির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, একুশে টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়, সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন ও দৈনিক কালবেলার গাজীপুর প্রতিনিধি মহিউদ্দিন রিপন।

পুলিশ কমিশনার বলেন, জনসংখ্যার তুলনায় গাজীপুর মহানগরে পুলিশ সদস্য ও যানবাহনের সংকট রয়েছে। তবে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সড়ক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, নির্দিষ্ট বাস ও ট্রাক স্ট্যান্ড না থাকায় মহাসড়কে এলোমেলো পার্কিংয়ের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকসহ সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সাংবাদিকেরা গত ঈদুল ফিতরে যানজটমুক্তভাবে ঘরমুখো যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পুলিশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। সাম্প্রতিক সময়ে মহানগরে মাদক, ছিনতাই ও অপরাধের মাত্রা সহনীয় পর্যায়ে আসায় তাঁরা স্বস্তি প্রকাশ করেন। এ ছাড়া সাংবাদিকেরা ঈদ উপলক্ষে তাঁদের অতীতের আনন্দময় স্মৃতি তুলে ধরেন।