নিজস্ব সংবাদদাতা : থানা হেফাজতে থাকা ঘোড়া গোপনে বিক্রির অভিযোগ ওঠার পর কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলে নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন পরিদর্শক মো. শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের কথা জানানো হয়।
জানা গেছে, গত ১৭ মার্চ কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া ইউনিয়নের খলিশা জানি এলাকার একটি জঙ্গলে জবাইয়ের প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ৯টি ঘোড়া জব্দ করে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে ঘোড়াগুলো থানা হেফাজতে রাখা হয়। এর মধ্যে একটি ঘোড়া অসুস্থ হয়ে মারা যায়। গত ২৯ মার্চ ভোরে বাকি আটটি ঘোড়া গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরদিন ৩০ মার্চ ঘোড়াগুলো ফিরিয়ে এনে উপজেলা প্রশাসন নিলামের মাধ্যমে বিক্রি করে।
ওসি খন্দকার নাসির উদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঘোড়া বিক্রির কাণ্ডে সমালোচনার পর তিনি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে রাজনৈতিক তদবির করিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার ওসির দায়িত্ব পেতে গত ৩০ মার্চ ডিএমপিতে বদলির আদেশ করিয়েছেন।
বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় নতুন ওসি নিয়োগের আদেশ হলে তার বদলির বিষয়টি জানাজানি হয়।
উল্লেখ্য, একই অফিস আদেশে আরও দুজন পরিদর্শকের পদে রদবদল করা হয়েছে। পরিদর্শক মো. বাছেদ মিয়াকে অপারেশন ও কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দিয়ে কাপাসিয়া থানায় এবং পরিদর্শক মো. ইকবাল হোসেনকে একই দায়িত্বে কালীগঞ্জ থানায় পাঠানো হয়েছে। এই তিনজন এত দিন গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন।