গাজীপুর কণ্ঠ ডেস্ক
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে ৭ হাজার ৬১০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।
রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৬৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামে মৃত্যু হয়েছে ১০ জনের এবং আক্রান্ত হয়েছে ৯৭৪ জন।
বিভাগওয়ারি হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিভাগ। ২২ দিনে এই বিভাগে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৫৯ জন শিশু, যাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪৬৮ জন। গত ২৪ ঘণ্টায়ও সর্বোচ্চ ৩৮ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগেই।