ইরানে পারমাণবিক বোমা হামলার সম্ভাবনা নাকচ করেছে হোয়াইট হাউস

সময়সীমা শেষ হওয়ার আগে ‘প্রচুর আলোচনা ও দরকষাকষি’ চলছে

ইরানে পারমাণবিক বোমা হামলার সম্ভাবনা নাকচ করেছে হোয়াইট হাউস

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

ইরানে পারমাণবিক বোমা হামলা চালানোর সম্ভাবনা নাকচ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। 

ইরানে সামরিক অভিযান নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলেও দাবি করেছে হোয়াইট হাউস।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যা ‘এখনও ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি’—ভ্যান্সের এমন মন্তব্যের পর হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সেখানে বলা হয়, ‘ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে “আক্ষরিক অর্থেই” এমন কিছুর আভাস নেই, ওহে নির্বোধের দল।’

সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে এই মন্তব্য করে হোয়াইট হাউস। ওই পোস্টে দাবি করা হয়েছিল যে, ট্রাম্প ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন’—ভ্যান্স এমন ইঙ্গিতই দিয়েছেন। এএফপি

অপরদিকে আল–জাজিরা জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে ‘প্রচুর আলোচনা ও দরকষাকষি’ চলছে। এই সময়সীমা পার হলে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা চালাবে যুক্তরাষ্ট্র।

ইরান কোনো গ্রহণযোগ্য চুক্তিতে আসবে কি না—এ বিষয়ে ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান সময় থেকে প্রায় ১২ ঘণ্টা পরের একটি সময়সীমা নির্ধারণ করেছেন, আমরা তখনই সব জানতে পারব। তবে এর মধ্যে অনেক আলোচনা হবে এবং আমি আশাবাদী যে একটি ভালো সমাধান আসবে।’

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স যখন এই মন্তব্য করছেন, ঠিক তখনই প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে বলেছেন, আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তিনি এটা চান না। কিন্তু সম্ভবত এটি হতে যাচ্ছে।

এর আগেও ট্রাম্প ইরানকে উড়িয়ে দিয়ে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি দেশটির সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার কথা বলেছিলেন এবং এ ধরনের হামলায় সম্ভাব্য যুদ্ধাপরাধের উদ্বেগকে সরাসরি নাকচ করে দিয়েছিলেন।

ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (ইস্টার্ন টাইম) আজ মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে।

সেই সময়সীমা শেষ হওয়ার আগে ইতিমধ্যে ইরানের বিভিন্ন রেলসেতু, সড়ক সেতুসহ বেসামরিক অবকাঠামোয় হামলা শুরু হয়েছে।

সূত্র: এএফপি, আল–জাজিরা।