গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি দূতাবাস ভবনের কাছে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ইস্তাম্বুলে ইসরায়েলি দূতাবাস ভবনের কাছে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। তুরস্কের পুলিশ হামলাকারীদের ‘নির্মূল’ করেছে বলে জানা গেছে।
রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে, গুলির শব্দে একজন পুলিশ সদস্য অস্ত্র বের করে আড়ালে সরে যাচ্ছেন। একজনকে রক্তাক্ত অবস্থায়ও দেখা গেছে।
ঘটনাস্থল থেকে আল জাজিরার সংবাদদাতা সিনেম কোসেওলু জানান, তিনজন হামলাকারী একটি গাড়িতে এসে গুলি চালানোর চেষ্টা করে। পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঘটনাটি আচমকাই ঘটে।
দূতাবাস ভবনটি একটি বহুতল ভবনের সপ্তম তলায় অবস্থিত এবং এলাকাটি অত্যন্ত জনবহুল। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানসহ হাজার হাজার মানুষ এই এলাকায় কাজ করেন।
উল্লেখযোগ্য যে, বর্তমানে ইস্তাম্বুলের দূতাবাস এবং আঙ্কারার ইসরায়েলি দূতাবাস কোনোটিতেই কোনো ইসরায়েলি কূটনীতিক কর্মরত নেই। ফলে এই দুটি কূটনৈতিক মিশনে কর্মরত বেশিরভাগ কর্মীই স্থানীয়।
হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
সূত্র: আল জাজিরা