গাজীপুর কণ্ঠ ডেস্ক
ভারতে শেখ হাসিনার আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রীয় সরকারকে সরাসরি প্রশ্নের মুখে ফেললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার (১০ এপ্রিল) এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে তীব্র আক্রমণ শানান।
অভিষেক বলেন, ”শেখ হাসিনার স্ট্যাটাস কী? অনুপ্রবেশকারী, নাকি শরণার্থী? অমিত শাহ কি এর জবাব দিতে পারবেন? দেড় বছর ধরে শেখ হাসিনাকে দিল্লিতে কেন আশ্রয় দিয়েছে নরেন্দ্র মোদির সরকার? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য?”
তৃণমূল নেতার অভিযোগ, অমিত শাহ কলকাতায় এসে মন্তব্য করেছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে পরিচালিত হওয়ার চেয়ে দিল্লি বা গুজরাট থেকে পরিচালিত হওয়াই ভালো — যা কার্যত বাংলাকে বাংলাদেশ হিসেবে দেখার শামিল।
বিজেপি বারবার দাবি করে আসছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে আঙুল তুলেছেন। দলের নির্বাচনী ইশতেহারেও বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই প্রেক্ষাপটেই অভিষেকের প্রশ্ন — কেন্দ্রীয় সরকারের নীতি যদি এমনই হয়, তাহলে শেখ হাসিনা কীভাবে দেড় বছর ধরে দিল্লিতে অবস্থান করছেন?
এদিন অভিষেক আরও প্রশ্ন তোলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে।
অনুপ্রবেশ প্রশ্নে বিজেপির অবস্থানকে কটাক্ষ করে তিনি বলেন, ”দশ বছর ধরে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, অথচ কাশ্মীর বা দিল্লির মতো জায়গায় নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার জবাব কে দেবে?”
বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগও তোলেন তৃণমূল নেতা। তাঁর দাবি, ”বাংলায় কথা বললেই জেলে ঢোকানোর হুমকি দেওয়া হচ্ছে। যারা বাঙালিবিরোধী মন্তব্য করেছে, তাদেরই পুরস্কৃত করেছে বিজেপি।”
আসামের এনআরসি প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ওই প্রক্রিয়ায় প্রায় ১৯ লাখ মানুষের নাম বাদ গিয়েছিল, যাদের মধ্যে বহু হিন্দুও ছিলেন। তাঁর আশঙ্কা, পশ্চিমবঙ্গেও একই পরিকল্পনা করছে বিজেপি। তবে তৃণমূল সরকার থাকলে তা সফল হতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
ভোটের আবহে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বিতর্ক এখন রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।