নিজস্ব সংবাদদাতা
কালীগঞ্জে অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কেটে বাঁধ দিয়ে পুকুর তৈরি এবং পার্শ্ববর্তী জমিতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করার দায়ে জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বেরুয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বক্তারপুর ইউনিয়নের বেরুয়া রকিবুন নবী।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেরুয়া দক্ষিণপাড়ার বারুন এলাকায় কৃষিজমির মাটি কেটে বাঁধ দিয়ে পুকুরের আকৃতি তৈরির কাজ চলছিল। এতে পার্শ্ববর্তী কৃষিজমিতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কৃষিজমির মাটি কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি না নিয়েই এ কাজ করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।