যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বার্তা পৌঁছে দিতে এবং দ্বিতীয় দফা আলোচনা সমন্বয় করতে আসিম মুনিরের নেতৃত্বে উচ্চপর্যায়ের এক পাকিস্তানি প্রতিনিধিদল এই সফর করছে।

যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বার্তা পৌঁছে দিতে এবং দ্বিতীয় দফা আলোচনা সমন্বয় করতে আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদল ইরানে এই সফর করছে।

মুনির যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ বার্তা নিয়ে ইরানে গেছেন। সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার বিষয় ও যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

তাছাড়া, ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নতুন করে শুরুর উপযুক্ত সময় নির্ধারণ করা এবং যুদ্ধবিরতি সংক্রান্ত কিছু অমীমাংসিত বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হলেও কোনও চুক্তি ছাড়াই তা শেষ হয়। তবে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘নিউ ইয়র্ক পোস্ট’-কে জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনা ‘দুই দিনের মধ্যে’ আবার শুরু হতে পারে।

পত্রিকাটিকে ট্রাম্প বলেছিলেন, “আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তান) যেতে বেশি আগ্রহী।”

এরপর মঙ্গলবার দিনের শুরুতে ইরানের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম জানায়, ইরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়িও নিশ্চিত করেন, পাকিস্তানের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান ‘অব্যাহত’ রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আস্থাভাজন এক সামরিক কর্মকর্তা। তার ভূমিকা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ নিরসনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।