বিশেষ প্রতিনিধি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘গ্র্যাজুয়েশন দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ছিল বর্ণিল সাজসজ্জা, ব্যানার-পোস্টার, ফটো কর্নার, স্মৃতিচারণার আয়োজন এবং মিলনমেলার আবহ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন-সংলগ্ন ৩৬ জুলাই চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

পরে ওই অডিটোরিয়ামে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক, ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা। সভায় ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম জানান, গাকৃবির উইন্টার ২০২৪ টার্মে বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন) এবং ডিভিএম— এই চারটি অনুষদ থেকে মোট ২৯৩ জন শিক্ষার্থী গ্র্যাজুয়েট হওয়ার গৌরব অর্জন করেন।
গ্র্যাজুয়েশন দিবস উপলক্ষে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর এক পরিবেশ। ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা চার বছরের স্মৃতি রোমন্থন করেন এবং শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে অনুভূতি বিনিময় করেন। অনেকের চোখে ছিল আনন্দাশ্রু, কণ্ঠে কৃতজ্ঞতা আর হৃদয়ে নতুন স্বপ্নের দীপ্তি।