গাজীপুর কণ্ঠ ডেস্ক
রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নয় দিন পর গাজীপুরের পূবাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের মূলহোতা লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (০১ মে) দুপুরে পূবাইলের পদহারা বাইত এলাকায় অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণের হোতা লামীনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লামীন ইসলাম কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া এলাকার বাসিন্দা।
উত্তরা পূর্ব থানার পুলিশ জানায়, গত ২২ এপ্রিল পরীক্ষা শেষে দুপুরে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন তাঁর বাবা। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ সাত-আটজন দুর্বৃত্ত বাবার সামনে থেকে জোরপূর্বক মেয়েটিকে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, মামলা হওয়ার পরপরই শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের হোতা লামীন ইসলামের অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার দুপুরে পূবাইলের পদহারা বাইত এলাকায় অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণের হোতা লামীনকে গ্রেপ্তার করা হয়। অপহরণে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: প্রথম আলো