বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক 

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। 

বুধবার (০৭ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে চন্দ্রনাথের গাড়ি পিছু নেওয়া হয়। এরপর দোহারিয়া এলাকায় গাড়িটি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে চন্দ্রনাথ মারা যান। গাড়িতে তার সঙ্গে থাকা বুদ্ধদেব বেরা নামের আরেক যুবকও গুলিবিদ্ধ হন।

মূলত পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা হলেও চন্দ্রনাথ রথ দীর্ঘদিন ধরে মধ্যমগ্রাম এলাকায় বসবাস করতেন। 

বিজেপির একটি সূত্র জানিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর পক্ষে নির্বাচনী প্রচারে যে দল কাজ করেছিল, চন্দ্রনাথ ছিলেন তার অন্যতম সদস্য। গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরাও ওই একই দলের সদস্য ছিলেন।

এই হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্র: আনন্দবাজার