গাজীপুরে দুই হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট জব্দ

গাজীপুরে দুই হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট জব্দ

বিশেষ প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মহানগরের সাহাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৭০০ টাকা জব্দ করেছে। 

শুক্রবার (০৮ মে) জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর বিভাগ) এস এম শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জিএমপির সদর থানার একটি অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মহানগরের সাহাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী শাকিল আহমেদের ভাড়া করা বাসায় অভিযান পরিচালনা করে। ওই বাসা থেকে ২ হাজার ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, মাদক ব্যবসায়ী শাকিল আহমেদকে এর আগে গত ২৬ এপ্রিল সদর থানা পুলিশ মাদকসহ আটক করে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করেছিল।