নিজস্ব সংবাদদাতা
কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। একই সময়ে একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
রবিবার (১০ মে) ভোর চারটার দিকে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, ১১ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র পিকআপ ভ্যানে করে স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের বাড়ির গোয়ালঘরে হানা দেয়। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী তাদের ধাওয়া করেন।

এক পর্যায়ে জনতা তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দা-সহ তিনজনকে আটক করে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত তিনজনের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।