তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়, শপথের মঞ্চে রাহুল গান্ধী

কয়েকদিনের নাটকীয়তা শেষে রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথন আরলেকার তাকে শপথ পড়ান।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়, শপথের মঞ্চে রাহুল গান্ধী

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পাওয়া তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) প্রেসিডেন্ট চন্দ্রশেখর জোসেফ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

ফল ঘোষণার পর কয়েকদিনের নাটকীয়তা শেষে রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথন আরলেকার তাকে শপথ পড়ান। এ সময় মঞ্চে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও ছিলেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

এবারের নির্বাচনে ৫১ বছর বয়সী ‘থালাপতি’ বিজয়ের দল টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জিতে নিয়েছিল। সরকার গঠনে ন্যূনতম ১১৮ আসনের ‘ম্যাজিক মার্কের’ জন্য তিনি পরে কংগ্রেস ও বামদের দ্বারস্থ হন। তাদের পাশাপাশি পরে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগেরও (আইইউএমএল) সমর্থন পায় টিভিকে।

সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্য বিজয়কে কয়েকদিন ধরে একাধিকবার গভর্নরের সঙ্গে বৈঠক করতে হয়েছে।

শেষ পর্যন্ত কংগ্রেসের ৫, ভিদুথালাই চিরুথাইগাল কাচচি’র (ভিসিকে) ২, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্কসিস্ট (সিপিআইএম) ও আইইউএমএল-র দুইজন করে বিধায়কের সমর্থন দেখিয়ে সরকার গড়তে গভর্নরের ‘সবুজ সঙ্কেত’ পান।

অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয়ের এ সরকার তামিলনাড়ুতে প্রায় ৬০ বছরের মধ্যে ডিএমকে ও এআইএডিএমকেবিহীন প্রথম সরকার।

আগের সরকারে থাকা দ্রাবিড়া মুনেত্রা কাজাগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগম (এআইডিএমকে) এবারের নির্বাচনে যথাক্রমে ৫৯ ও ৪৭টি আসন জিতেছে।

রবিবার বিজয়ের সঙ্গে তার মন্ত্রিসভার আরও ৯ সদস্যও শপথ নিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। এরা সবাই টিভিকের।

তাদের মধ্যে এআইএডিএমকে-র সাবেক নেতা কেএ সেনগোতাইয়ানও আছেন; যিনি দীর্ঘদিন সাবেক মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রন ও জয়ললিতার সঙ্গে কাজ করেছেন।

এআইএডিএমকে’র নেতা পালানিস্বামীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে বিজয় তাকে নতুন দলে নেন।

প্রাথমিক এ মন্ত্রিসভায় আরও স্থান পেয়েছেন আধাভ অর্জুনা, নির্মল কুমার, টিভিকের সাধারণ সম্পাদক এন আনন্দ, রাজ মোহন, ড. টিকে প্রভু, অরুন রাজ, পি ভেঙ্কটারমন ও এস কীর্তনা।

পরবর্তীতে জোটসঙ্গীদের ভেতর থেকেও বিজয় কয়েকজনকে তার মন্ত্রিসভায় স্থান দেবেন বলে মনে করা হচ্ছে। নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পেতে পারেন তা জানা যায়নি।

বিজয়ের এই নতুন সরকারকে আগামী বুধবারের আগেই বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

সূত্র: বিডিনিউজ