৩৫ হাজার কিলোমিটার পাল্লার পরমাণু বাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া

৩৫ হাজার কিলোমিটার পাল্লার পরমাণু বাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া

রয়টার্স

নতুন একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ‘সারমাত’ নামের এই ক্ষেপণাস্ত্র ৩৫ হাজার কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম বলে জানিয়েছে মস্কো।

পরীক্ষা সফল হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, সারমাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তাঁর ভাষায়, এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক বাহিনীর যেকোনো অস্ত্রের তুলনায় চার গুণ বেশি শক্তিশালী পেলোড বহন করতে পারে। চলতি বছরের শেষ নাগাদ সারমাতকে ‘যুদ্ধকালীন দায়িত্বে’ মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

এই পরীক্ষা এমন এক সময়ে চালানো হলো, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ–সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি ‘নিউ স্টার্ট’–এর মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে। ওই চুক্তির আওতায় দুই দেশ নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত রাখতে বাধ্য ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন সেই বাধ্যবাধকতা আর নেই কোনো পক্ষেরই।

‘নিউ স্টার্ট’ শেষ হওয়ার পর উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ শুরুতে সম্মত হয়েছিল ওয়াশিংটন ও মস্কো। তবে শিগগিরই চুক্তি নবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু শক্তিধর চীনকে অন্তর্ভুক্ত করে একটি নতুন চুক্তি করতে আগ্রহী। তবে এমন কোনো চুক্তিতে অংশ নেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে বেইজিং।