রামিসা হত্যার বিচার দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন

রামিসা হত্যার বিচার দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং সারা দেশে শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কার্যক্রম পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মহিলা বিভাগ। 

শনিবার (২৩ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘চুপ থাকব না, বিচার চাই’, ‘আর একটা রামিসা নয়’, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত চাই’—এসব স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজবাড়ি রোড এলাকা। মানববন্ধনে বক্তব্য দেন মহিলা জামায়াতের গাজীপুর মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আমেনা বেগম, মহানগর সহকারী সেক্রেটারি মারুফা শহীদ ও নাজমুন নাহার লাভলী, মহানগর কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগীয় সম্পাদিকা নাসরিন তাসনিয়া, মহানগর কর্মপরিষদ সদস্য নাসরিন জাহান গুলশান ও খাতেমুন আরা মুক্তা এবং মহানগর শুরা সদস্য ফাহমিদা খাতুন লাকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাসরিন আকবর।

বক্তারা অবিলম্বে রামিসা হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে সাত কার্যদিবসের মধ্যে রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ঝুঁকিপূর্ণ এলাকায় শিশু সুরক্ষা টহল, সচেতনতামূলক কার্যক্রম এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের আহ্বান জানান।

বক্তারা বলেন, শিশুদের ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো নৃশংস ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৭ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা নির্মম ধর্ষণ ও হত্যার শিকার হয়, যা মানবতার জন্য গভীর কলঙ্কের।