৫০০ টাকা চাঁদার অভিযোগে পাঁচ পুলিশ প্রত্যাহার!

দায়িত্ব পালনকালে এই পুলিশ সদস্যরা এক মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছেন বলে অভিযোগ ওঠে।

৫০০ টাকা চাঁদার অভিযোগে পাঁচ পুলিশ প্রত্যাহার!

গাজীপুর কণ্ঠ ডেস্ক

মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার দুই কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত শুরু হয়েছে।

রবিবার (২৪ মে) বিকেলে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা, কনস্টেবল ফজলুর রহমান, কনস্টেবল আব্দুর রউফ এবং পিকআপভ্যানের চালক লিটন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার (২১ মে) হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্ব পালনকালে এই পুলিশ সদস্যরা এক মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছেন বলে অভিযোগ ওঠে। অভিযোগের বিষয়টি হাইওয়ে পুলিশ সুপারকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন।

পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, “চাঁদাবাজির অভিযোগ আসার পরই ওই পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে বগুড়া রিজিয়নে সংযুক্ত করা হয়েছে। অভিযোগটি এখন তদন্তাধীন।”