গাজীপুর কণ্ঠ ডেস্ক
বাংলাদেশে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত একটি বিরল অ্যালবিনো মহিষকে ঈদুল আজহার কোরবানি থেকে শেষ মুহূর্তে রক্ষা করেছে সরকার।
প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি কোরবানির জন্য বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু ঈদের আগে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কারণে জনসমাগম ও নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মহিষটিকে কোরবানি থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় পাঠানোর আদেশ দেন তিনি। পরে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়।
এদিকে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে দেখতে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় ভিড় করছেন দর্শনার্থীরা। ঈদুল আজহার দিনও মহিষটিকে ঘিরে ছিল বাড়তি কৌতূহল। ছবি তুলতে আর কাছ থেকে দেখতেই ভিড় করেন অনেকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তা উদ্বেগ এবং অস্বাভাবিক মাত্রার জনআগ্রহের কারণে শেষ মুহূর্তে মহিষটিকে কোরবানি থেকে রক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।’
স্বাভাবিক ঈদের পশু কেনাবেচার মধ্যে শুরু হওয়া বিষয়টি দ্রুত সারা দেশের কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়। মহিষটির স্বর্ণাভ ঝুঁটি ও শান্ত স্বভাবের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা খামারে ভিড় জমাতে শুরু করেন।
খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, তাঁর ছোট ভাই মহিষটির চেহারায় সাদৃশ্য খুঁজে পেয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি রাখেন। তিনি আরও জানান, মহিষটি অসাধারণ শান্তশিষ্ট, তবে এর রক্ষণাবেক্ষণে বিশেষ যত্ন দরকার হয় — ঘন ঘন খাওয়ানো এবং নিয়মিত গোসল করানো এর মধ্যে অন্যতম।
বাংলাদেশে অধিকাংশ গবাদি পশু গাঢ় রঙের হওয়ায় অ্যালবিনো মহিষ এখানে বিরল। ঈদের পশুর হাটে এ ধরনের প্রাণী সহজেই দৃষ্টি আকর্ষণ করে। তবে এবার শুধু বিরলত্ব নয়, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটিই সম্ভবত মহিষটির জীবন বাঁচিয়ে দিল।