গাজীপুর কণ্ঠ ডেস্ক
শ্রীপুরে এক তরুণ ব্যবসায়ী রাতে পুকুর দেখতে গিয়ে নিখোঁজ হন। প্রায় ৩০ ঘণ্টা পর তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৪ জুন) সকালে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের শেখেরঘাট এলাকা থেকে মো. নাঈম (২৭) নামের ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। কাঁচামালের ব্যবসার পাশাপাশি তিনি বাড়ির কাছে একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করতেন।
পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নাঈম টর্চলাইট নিয়ে বাড়ির পাশের পুকুরে মাছের প্রকল্প দেখতে যান। এরপর আর বাড়ি ফেরেননি।
তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমে কল কেটে দেওয়া হয়, পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকাল পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বরকুল গ্রামের শেখেরঘাট এলাকায় একটি মহিলা মাদ্রাসার পেছনে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা সেটি নাঈমের বলে শনাক্ত করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।